প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১১:৪১ AM

হরমুজ প্রণালি ও কেশম দ্বীপের কাছে তিনটি মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির দাবি, এর মধ্যে দুটি এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ইলেকট্রনিক যুদ্ধব্যবস্থা ব্যবহার করে এবং একটি এমকিউ-৯ সামরিক ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) মেহর নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
আইআরজিসি জানায়, তাদের অ্যারোস্পেস ফোর্স কেশম দ্বীপের দক্ষিণে উন্নত ইলেকট্রনিক যুদ্ধপ্রযুক্তি ব্যবহার করে দুটি মার্কিন এমকিউএম-১৭০ গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। এ নিয়ে এ ধরনের আটক মার্কিন ড্রোনের সংখ্যা চারটিতে দাঁড়িয়েছে বলে দাবি করেছে বাহিনীটি। এক বিবৃতিতে তারা আরও দাবি করে, এসব ড্রোন ব্যবহার করেও যুক্তরাষ্ট্র তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।
অন্যদিকে, পৃথক বিবৃতিতে আইআরজিসি জানায়, হরমুজ প্রণালির পূর্বদিকে তাদের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় পরিচালিত উন্নত প্রতিরক্ষাব্যবস্থা একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন শনাক্ত করে ধ্বংস করেছে। বাহিনীটির দাবি, এটি এ ধরনের ভূপাতিত হওয়া ৫৫তম ড্রোন। তবে এসব ঘটনার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
স্বদেশ প্রতিদিন/এস পি