প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:২৬ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর তেজগাঁওয়ের কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ (এসআরইউ)।
মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সাজেদুল ইসলাম সাইদুল (২৬) ও মো. মাসুম বিল্লাহ (২৭)।
ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে মিরপুর ও তেজগাঁও এলাকায় ছিনতাই প্রতিরোধে বিশেষ অভিযান ও দায়িত্ব পালনকালে তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার মোড় এলাকায় ছিনতাইয়ের চেষ্টাকালে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিএমপির হাতিরঝিল, কলাবাগান ও তেজগাঁও থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের তেজগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।