প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম

সংগৃহীত ছবি
রাজবাড়ীর কালুখালীতে নতুন কুঁড়ি ২০২৬-২৭ স্পোর্টস উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার এবং জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় কালুখালী উপজেলা পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কালুখালী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আতাহার আলী। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম রেজাউল করিম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, কালুখালী থানার অফিসার ইনচার্জের প্রতিনিধি এসআই সোহেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার প্রতিনিধি ডাঃ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা। এ ছাড়া কালুখালী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সেলিম হাসান ও সদস্য সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় আগামী ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যমে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর অনলাইন শুভ উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার উপলক্ষে বিস্তারিত প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়। এ উপলক্ষে কালুখালী উপজেলা পরিষদ চত্বরে প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি প্রদর্শনের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের মাধ্যমেও অনুষ্ঠানটি প্রদর্শনের ব্যবস্থা করা হবে বলে সভায় জানানো হয়।
নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্টের মাধ্যমে শিশু-কিশোরদের খেলাধুলায় সম্পৃক্ত করা, তাদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশ এবং তৃণমূল পর্যায়ে ক্রীড়াচর্চা ছড়িয়ে দেওয়ার বিষয়ে সভায় গুরুত্বারোপ করা হয়। এ ছাড়া প্রতিযোগিতার সার্বিক প্রস্তুতি, অংশগ্রহণ, ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়েও মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।
অন্যদিকে, আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, কর্মসূচি গ্রহণ এবং সার্বিক আয়োজন নিয়েও আলোচনা করা হয়। দিবসটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে সংশ্লিষ্ট সবার দায়িত্ব ও সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।
এ সময় কালুখালী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭-এর উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে সম্প্রচার এবং ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের সম্মিলিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।