প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:৫২ পিএম

সংগৃহীত ছবি
সুন্দরবনের পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ এবং ডাকাত সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জন জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন । ৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস নোটে এ তথ্য জানান।
প্রেস নোটে তিনি আরো জানান, ৩ নভেম্বর মঙ্গলবার ভোর ৪টায় কয়রা ও দোবেকী স্টেশনের যৌথ দল কয়রার আড়শীপসা নদীর গানধার খাল এলাকায় অভিযান চালায়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে গেলেও তল্লাশি চালিয়ে ১টি ডিঙ্গি নৌকা, ৪টি দেশীয় ওয়ান শুটার গান, ৬ রাউন্ড তাজা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কার্তুজ এবং জিম্মি থাকা ৫ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।
একই দিন সকাল ১১টায় মোংলা ও নলিয়ান স্টেশনের দল দাকোপের কুমড়োখালী খাল এলাকায় অভিযান পরিচালনা করে। ডাকাতরা পালিয়ে গেলেও তল্লাশিতে ৪টি একনলা বন্দুক, ১টি ০.২২ ক্যালিবার বন্দুক, ২০ রাউন্ড তাজা কার্তুজ, ৫২ রাউন্ড ০.২২ ক্যালিবার বন্দুকের গোলা ও ২টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জেলেরা হলেন, জহুরুল ইসলাম (২৭), ফারুক গাজী (৪২), রেজাউল করিম (২৬), নুরুল হুদা (২৩) ও হাসান গাজী (২৭); সকলের বাড়ি খুলনার কয়রা উপজেলায়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জেলেদের পরিবারে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে সম্পূর্ণ দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান (“অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড”) অব্যাহত রয়েছে।
এ সময় ব্রিফিং প্রদানকারী কর্মকতা ছিলেন লেঃ মীর আকিব মোস্তাফিজ, (এক্স), বিএন- নির্বাহী কর্মকর্তা বিসিজিএস তৌহিদ।