প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৩৯ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫৭ জনে। সোমবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৪৯২ জন এবং নিশ্চিত হামরোগী ৫৬ জন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ৩১ হাজার ৫০৫ এবং নিশ্চিত রোগীর সংখ্যা ২৩ হাজার ৯৯১। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৬ হাজার ১৬৮ জন। সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৭ হাজার ৫৪৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে ১ হাজার ১৫২ শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু না হলেও এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন।
স্বদেশ প্রতিদিন/এস পি