প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:৩১ পিএম

কাগুজে প্রতিষ্ঠান খুলে ব্যাংক থেকে ঋণ নিয়ে ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ টাকার বেশি আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানসহ ৬৯ জনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২ নভেম্বর) দুদক সচিব সাইদুর রহমান খান সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। স্পিংফুল অ্যাপারেলস, আরবান ফ্যাশনস ও মিডওয়েস্ট গার্মেন্টস নামে তিন প্রতিষ্ঠানের ঋণের অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলাগুলো করা হচ্ছে। তিন মামলায় যথাক্রমে ২২, ২২ ও ২৫ জনকে আসামি করা হয়েছে। একই ব্যক্তি একাধিক মামলায় থাকায় মোট আসামির সংখ্যা ৬৯।
দুদকের নথি অনুযায়ী, তিন প্রতিষ্ঠানের নামে নেওয়া ঋণের মোট পরিমাণ ১ হাজার ১২১ কোটি ৪৯ লাখ ৪ হাজার ৭৫৪ টাকা ৯০ পয়সা। এর মধ্যে স্পিংফুল অ্যাপারেলসের নামে ১৪১ কোটি ২৮ লাখ ১ হাজার ১৭১ টাকা ২৫ পয়সা, আরবান ফ্যাশনসের নামে ৪১৭ কোটি ৪ লাখ ৪ হাজার ৫৬ টাকা ৫ পয়সা এবং মিডওয়েস্ট গার্মেন্টসের নামে ৫৬৩ কোটি ১৬ লাখ ৯৯ হাজার ৫২৭ টাকা ৬০ পয়সা আত্মসাৎ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধানে বলা হয়েছে, প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের ব্যবসা পরিচালনার পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তাঁদের অনুকূলে বিপুল অঙ্কের ঋণ মঞ্জুর ও বিতরণ করা হয়। পরে আমদানি-রপ্তানির আড়ালে ভুয়া অ্যাকোমোডেশন বিল তৈরি করে বাণিজ্যিক লেনদেনের মিথ্যা চিত্র দেখানো হয়। ব্যাংক কর্মকর্তাদের ক্ষমতার অপব্যবহার ও যোগসাজশে ঋণের অর্থ আত্মসাৎ করে বিভিন্ন প্রক্রিয়ায় বিদেশে পাচার করা হয়েছে বলে অভিযোগ করেছে দুদক। মামলাগুলোতে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি