প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৫:২৭ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ৫:৩১ PM

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করাসহ তিন দফা দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়ার ২৬৪টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার (২ নভেম্বর) বিকেলে শিল্পপুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেন। সকালে বিভিন্ন এলাকায় শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
সকালে নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাঁদের বুঝিয়ে সরিয়ে দেয়। অন্যদিকে নিশ্চিন্তপুরে নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন শেষে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। এ সময় নিট এশিয়া, আল-মুসলিম, ট্রাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকেরা সড়কে অবস্থান নিলে পুলিশ বাধা দেয়। শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে নরসিংহপুর এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দেন উত্তেজিত শ্রমিকেরা।
শিল্পপুলিশ জানায়, আশুলিয়ার বিভিন্ন কারখানার সামনে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পোশাকশ্রমিককে আটক করা হয়েছে। পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভার ও আশুলিয়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের তিন দফা দাবির মধ্যে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, কালো তালিকাভুক্তি ও শ্রমিক ছাঁটাই বন্ধের দাবি রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি