প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১:৫০ পিএম

কক্সবাজারে এসআরবি-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্প এবং ২ বিজিবি, টেকনাফ ব্যাটালিয়নের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে জানানো হয়েছে, রোববার ১ নভেম্বর ২০২৬ দুপুরে এসআরবি এবং ২ বিজিবির যৌথ আভিযানিক দল টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের বিআরএম-৫ (সীমান্ত পিলার) হতে আনুমানিক ১ কিলোমিটার দক্ষিণে গফুর মেম্বারের প্রজেক্ট সংলগ্ন নাফ নদীর তীরে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা মাদক কারবারিরা পালানোর চেষ্টা করলে আভিযানিক দল ৪ মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে ঘটনাস্থল তল্লাশি করে ১,২৯,৬০০ (এক লক্ষ ঊনত্রিশ হাজার ছয়শত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত মাছ ধরার কাঠের বোট জব্দ করা হয়।
গ্রেফতার আসামিরা হল টেকনাফ পৌরসভার উত্তর জালিয়াপাড়ার আব্দুল খালেক (২৫) ও নুর ফয়সাল (২৫), ইসলামাবাদ এলাকার মিজানুর রহমান @ মিজান উদ্দিন (২৪) এবং উখিয়ার থাইংখালী ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হাফেজ আহমদ (২৯)।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতার আসামিরা উদ্ধার বোট ব্যবহার করে অবৈধ মাদক ব্যবসা ও পরিবহনের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্রেফতার আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে উদ্ধার আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি