প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:১৭ পিএম

পাবনার ফরিদপুর উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ নভেম্বর)বেলা ২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বনওয়ারীনগর বাজারের তেঁতুলতলায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মো. নয়ন হোসেন (২০), পিতা সমশের, সাং চাটমোহরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. হুমায়ুন কবির সজিব, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পেশকার রাজকুমার হালদার, অফিস সহায়ক মো. গোলাম সরোয়ারসহ উপজেলা আনসার সদস্যরা।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ইমামা বানিন
সাংবাদিকদের বলেন, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসন সব সময় তৎপর রয়েছে। কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্বদেশ প্রতিদিন/এস পি