প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:০৮ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার ১৭টি হাটবাজার ও গ্রামগঞ্জের খুচরা সারের দোকানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছে। উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের যোগসাজশে খুচরা বিক্রেতারা এ অনিয়ম করছেন বলে অভিযোগ কৃষকদের। বিষয়টি মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনার পর অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত অক্টোবর মাসে ২৪ জন ডিলারের মাধ্যমে কৃষকদের জন্য ১ হাজার ৬৫৪ দশমিক ৩ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে ইউরিয়া ৭৫০, টিএসপি ১৯৪ দশমিক ৪, ডিএপি ৪৯৮ দশমিক ৯ এবং এমওপি ২১১ মেট্রিক টন। কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সহযোগিতায় এসব সার খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ করা হয়। তবে অভিযোগ রয়েছে, ডিলারদের কাছ থেকে সার সংগ্রহের পর খুচরা বিক্রেতারা কৃষকদের কাছে বেশি দামে বিক্রি করছেন। কৃষকদের অভিযোগ, প্রতি বস্তা ইউরিয়া ও টিএসপি ১ হাজার ৮০০ টাকা এবং ডিএপি ও এমওপি ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এতে ফসলের জমিতে সার প্রয়োগের প্রয়োজনে বাধ্য হয়ে বাড়তি দামে সার কিনতে হচ্ছে তাঁদের।
অভিযোগের বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম বলেন, ডিলার ও খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে বেশি দামে সার বিক্রির অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বেশি দামে সার বিক্রি করলে সংশ্লিষ্টদের আর সার দেওয়া হবে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি