প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ২:৫৬ পিএম

চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর দায়ে এক ফল ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ২৩ বস্তা রাসায়নিক মিশ্রিত কদবেল জনসম্মুখে ধ্বংস করা হয়।
সোমবার ২ নভেম্বর সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বড় বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফল ও মাংসের বাজারসহ বিভিন্ন দোকান তদারকি করা হয়।
অভিযান চলাকালে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় রাসায়নিক ব্যবহার করে কদবেল পাকানোর অপরাধে মাথাভাঙ্গা ব্রিজ-সংলগ্ন ফলপট্টির মো. টুকু মিয়ার মালিকানাধীন ‘টুকু ফল ভান্ডার’কে প্রশাসনিক ব্যবস্থায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ আদায়সহ ২৩ বস্তা রাসায়নিক মিশ্রিত কদবেল জনসম্মুখে ধ্বংস করা হয়।
একই সঙ্গে ফল ব্যবসায়ীদের ক্ষতিকর রাসায়নিক ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া বাজারের মাংস ব্যবসায়ীদের সঠিক ওজনে মাংস ক্রয়-বিক্রয় এবং পরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রক্রিয়াকরণের বিষয়ে সতর্ক ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
এ সময় সার্বিক সহযোগিতা করেন সদর উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. শাহিনুজ্জামান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর নার্গিস জাহান এবং সদর থানা পুলিশের একটি দল।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
স্বদেশ প্রতিদিন/এস পি