প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ পিএম

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। ইউরোপের আধুনিক ইতিহাসের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুর্ঘটনাস্থলে শক্তিশালী ফ্লাডলাইটের আলোয় সারা রাত উদ্ধার অভিযান চালিয়েছেন কর্মীরা। দুমড়েমুচড়ে যাওয়া ধাতব বগি কেটে ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা করা হয়। নিহতদের অনেকের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
বুধবার সকালে মাদ্রিদ থেকে সেভিলাগামী একটি চলন্ত ট্রেন লাইনে দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রেনে সজোরে ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, পুরো দেশ আজ শোকাহত। দুর্ঘটনায় বহু মানুষের জীবন বিপর্যস্ত হয়েছে এবং পরিবারগুলো আপনজন হারিয়েছে। এই শোক ও বেদনা অপরিসীম বলেও মন্তব্য করেন তিনি।
স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, উদ্ধারকাজে সহায়তার জন্য শত শত কর্মী দুর্ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। ধ্বংসাবশেষ সরানো এবং নিখোঁজ ও আটকে পড়া ব্যক্তিদের খুঁজে বের করতে ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে।
বেসরকারি রেল অপারেটর ইরিও পরিচালিত দাঁড়িয়ে থাকা ট্রেনটিতে ১৪৭ জন যাত্রী ছিলেন। স্পেনের পরিবহনমন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন, কম্পিউটার সিস্টেমে ত্রুটির কারণে ট্রেনটি রেললাইনে থেমে গিয়েছিল।
দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ এবং এর পেছনে কোনো প্রযুক্তিগত ত্রুটি বা অব্যবস্থাপনা ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ