| শিরোনাম: |

যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচির অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা সাভানা রিভার সাইটের (এসআরএস) অন্তর্গত সাভানা রিভার ন্যাশনাল ল্যাবরেটরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় আইকেনের কাছে অবস্থিত এই স্থাপনায় আগুন লাগে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছে মার্কিন জ্বালানি বিভাগ।
সরকারি বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত স্থাপনার বাইরে তেজস্ক্রিয় দূষণ ছড়িয়ে পড়ার কোনো খবর পাওয়া যায়নি।
ঘটনার পরপরই জরুরি প্রোটোকল চালু করে কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে উদ্ধার ও জরুরি কার্যক্রমে সরাসরি নিয়োজিত নন, এমন কর্মীদের কাজ বন্ধ রেখে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি নতুন যানবাহনের প্রবেশ ঠেকাতে কমপ্লেক্সের প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। পার্শ্ববর্তী রেলপথ, নদী ও আকাশপথে চলাচলেও সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়।
পরিস্থিতি পর্যালোচনা এবং তেজস্ক্রিয়তা জরিপের পর বুধবার রাত ৯টা ৪৫ মিনিটে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়। জরিপে ক্ষতিকর তেজস্ক্রিয় উপাদানের উপস্থিতি পাওয়া যায়নি বলে জানায় কর্তৃপক্ষ। একই সঙ্গে আগের সব সতর্কতামূলক ব্যবস্থা তুলে নেওয়া হয় এবং বৃহস্পতিবার থেকে স্থাপনাটিতে স্বাভাবিক কার্যক্রম শুরুর অনুমতি দেওয়া হয়।
তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আগুন একটি কক্ষের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এর ফলে ভূমি স্তরে ফিল্টারবিহীন তেজস্ক্রিয় পদার্থ নির্গত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত একজন কর্মী সামান্য আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
১৯৫০-এর দশকে স্নায়ুযুদ্ধের সময় প্রতিষ্ঠিত সাভানা রিভার সাইটে মূলত মার্কিন পারমাণবিক অস্ত্রের জন্য প্লুটোনিয়াম ও ট্রিটিয়াম উৎপাদন করা হতো। পরবর্তীতে উৎপাদনকারী রিঅ্যাক্টরগুলো বন্ধ করে দেওয়া হলেও দেশটির পারমাণবিক অস্ত্রভান্ডার রক্ষণাবেক্ষণ ও আধুনিকীকরণে স্থাপনাটি এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ট্রিটিয়াম হাইড্রোজেনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ, যা পারমাণবিক ওয়ারহেডের কার্যকারিতা বজায় রাখতে ব্যবহৃত হয়। সাভানা রিভার সাইটে এই উপাদান প্রক্রিয়াজাত ও পুনরায় পূরণের কাজ করা হয়। এ ছাড়া পারমাণবিক উপকরণ ব্যবস্থাপনা, তেজস্ক্রিয় বর্জ্য শোধন এবং পরিবেশগত দূষণ পরিষ্কারের কাজও পরিচালিত হয় সেখানে।
মার্কিন পারমাণবিক অস্ত্রভান্ডার আধুনিকীকরণ কর্মসূচির অংশ হিসেবে এই স্থাপনায় পারমাণবিক ওয়ারহেডের জন্য প্লুটোনিয়াম কোর তৈরির একটি সুবিধাকেন্দ্রও গড়ে তুলছে দেশটির সরকার।
স্বদেশ প্রতিদিন/এফএইচ