প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:২৩ পিএম

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত গেল হকি দল
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে অংশ নিতে ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। শুক্রবার সকালে দেশ ছাড়েন দলের খেলোয়াড়েরা।
এশিয়ান হকির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিতে বেশ কিছুদিন ধরে নিবিড় অনুশীলন করেছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের ফিটনেস ও কৌশলগত খেলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন কোচিং স্টাফরা। দলে তরুণ ও অভিজ্ঞ খেলোয়াড়দের সমন্বয় মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।
দেশ ছাড়ার আগে বাংলাদেশ হকি দলের অধিনায়ক আশরাফুল ইসলাম বলেন, ‘আমরা এই টুর্নামেন্টের জন্য কঠোর পরিশ্রম করেছি। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং। তবে আমাদের লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়া এবং দেশের জন্য গৌরব বয়ে আনা।’
বাংলাদেশ দল আগামী ২৭ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভারতের পাঞ্জাবের জলন্ধর ও মোহালিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে।
লিগ পর্বে বাংলাদেশ মোট পাঁচটি ম্যাচ খেলবে। বাংলাদেশ সময় অনুযায়ী, ২৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে সন্ধ্যা সাড়ে ৭টায় ভারতের মুখোমুখি হবে দলটি। এরপর ২৯ অক্টোবর বিকেল সোয়া ৫টায় জাপান, ৩০ অক্টোবর বিকেল ৩টায় মালয়েশিয়া, ১ নভেম্বর বিকেল ৩টায় দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর বিকেল ৩টায় চীনের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
লিগ পর্ব শেষে ৪ নভেম্বর সেমিফাইনাল ও স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। আর ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।
স্বদেশ প্রতিদিন/এফএইচ