প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৪:২১ পিএম

পটুয়াখালীর গলাচিপায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাদুরা বাজারসংলগ্ন জোড়া ব্রিজের পূর্ব পাশে মো. ফারুকের গ্যারেজের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ছোট আউলিয়াপুর গ্রামের মো. আমানউল্লাহ ওরফে আমান (৩৩) এবং গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামের মো. বায়জিদ (২৫)। এর মধ্যে আমানউল্লাহ বর্তমানে গলাচিপার আমখোলা ইউনিয়নের বাদুরা এলাকায় বসবাস করছিলেন।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় তাঁদের তল্লাশি করে ১১০ পিস ইয়াবা উদ্ধারসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এস পি