প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ AM

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে প্রকাশিত পোস্ট সাধারণ ব্যবহারকারীদের চেয়ে দ্রুত পেতে অর্থ দিতে সম্মত হয়েছে ব্লুমবার্গসহ তিনটি প্রতিষ্ঠান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্লুমবার্গ ছাড়াও ওয়াল স্ট্রিটের দুই ট্রেডিং প্রতিষ্ঠান সাসকেহানা ইন্টারন্যাশনাল গ্রুপ ও জাম্প ট্রেডিং এ সেবা নিতে চুক্তি করেছে। ‘ট্রুথ এপিআই’ নামের এ সেবার মাধ্যমে গ্রাহকেরা ট্রাম্পের পোস্ট প্রায় ৫০ মিলিসেকেন্ড আগে পেতে পারেন। শেয়ারবাজার, তেলসহ বিভিন্ন আর্থিক সম্পদের দামে ট্রাম্পের পোস্টের প্রভাব পড়তে পারে বলে দ্রুত তথ্য পাওয়ার এ সুবিধা বড় বিনিয়োগকারী ও স্বয়ংক্রিয় লেনদেনকারী প্রতিষ্ঠানের কাছে গুরুত্বপূর্ণ।
ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ গত জুলাইয়ে সেবাটি চালুর ঘোষণা দেয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, এ জন্য মাসে সর্বোচ্চ এক লাখ ডলার পর্যন্ত খরচ হতে পারে। তবে চুক্তিগুলোর আর্থিক শর্ত প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠান মন্তব্য করতে রাজি হয়নি। ট্রাম্প মিডিয়া জানিয়েছে, তাদের এপিআই সেবার উল্লেখযোগ্য চাহিদা রয়েছে। তবে রয়টার্সের প্রতিবেদনে বেনামি সূত্রের দেওয়া বিভ্রান্তিকর তথ্য ব্যবহারের অভিযোগও করেছে প্রতিষ্ঠানটি।
ট্রাম্পের পারিবারিক ট্রাস্টের হাতে ট্রাম্প মিডিয়ার ৪১ শতাংশ মালিকানা রয়েছে এবং ট্রাম্প ওই ট্রাস্টের একমাত্র সুবিধাভোগী। দ্রুত পোস্ট পাওয়ার সেবা নিয়ে এরই মধ্যে নৈতিকতা ও আইনি প্রশ্ন উঠেছে। গত আগস্টে ইন্টারসেপ্ট মিডিয়া ও ফ্রিডম অব দ্য প্রেস ফাউন্ডেশন এ বিষয়ে মামলা করে। তাদের অভিযোগ, সরকারি ঘোষণা প্রথমে শুধু ট্রুথ সোশ্যালে প্রকাশ করে পরে দ্রুত সংস্করণ অর্থের বিনিময়ে বিক্রি করা হলে সাধারণ মানুষ তথ্য পাওয়ার ক্ষেত্রে বৈষম্যের শিকার হতে পারে। এ ছাড়া গত জুলাইয়ে ডেমোক্র্যাট সিনেটর এলিজাবেথ ওয়ারেন ও অ্যাডাম শিফ সেবাটি সিকিউরিটিজ আইন লঙ্ঘন করছে কি না, তা তদন্তের জন্য এসইসির প্রতি আহ্বান জানান। মামলাটি চলমান থাকলেও এসইসি এ বিষয়ে মন্তব্য করেনি।
স্বদেশ প্রতিদিন/এস পি