প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৭ AM

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা নতুন করে দেখা দেওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। সৌদি আরবের রাস তানুরা তেল শোধনাগার লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এ খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৪৮ ডলার বা ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ১১৫ দশমিক ৩৬ ডলারে পৌঁছায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ১ দশমিক ২২ ডলার বা ১ দশমিক ২২ শতাংশ বেড়ে দাঁড়ায় ১০১ দশমিক ১২ ডলারে। মঙ্গলবার হুতিরা সৌদি আরবের বৃহত্তম তেল শোধনাগার রাস তানুরায় হামলার দাবি করলেও সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানায়নি।
দৈনিক ৫ লাখ ৫০ হাজার ব্যারেল তেল পরিশোধন সক্ষমতাসম্পন্ন শোধনাগারটিতে হামলার আশঙ্কা মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। এর আগে মঙ্গলবার মধ্যপ্রাচ্যে আলোচনা এগোনোর খবরে সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কিছুটা কমেছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১১৩ দশমিক ৮৮ ডলার এবং ডব্লিউটিআইয়ের দাম ৯৯ দশমিক ৯০ ডলারে নেমে আসে।
স্বদেশ প্রতিদিন/এস পি