প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৫৭ AM

ইসরাইলের পার্লামেন্ট নেসেট নির্বাচনে ভোট গণনা যত এগোচ্ছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির প্রাপ্ত ভোটের হার তত কমছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২১ লাখের বেশি ভোট গণনা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, লিকুদ পার্টি এখন পর্যন্ত ২১ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে শীর্ষে রয়েছে। তবে আগের গণনায় দলটির ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ।
অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৫ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। আগের গণনায় দলটির প্রাপ্ত ভোটের হার ছিল ১৫ দশমিক ৪১ শতাংশ। ফিলিস্তিন-ইসরাইলি জয়েন্ট লিস্ট ৯ দশমিক ২২ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে, যা সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দলের প্রাপ্ত ৮ দশমিক ২২ শতাংশ ভোটের চেয়ে বেশি।
নির্বাচন কমিটি জানিয়েছে, প্রকাশিত হিসাব প্রাথমিক এবং ভোট গণনা এখনো চলছে। এবারের নির্বাচনে ৭৩ লাখ ৩০ হাজার নিবন্ধিত ভোটারের মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি নাগরিক ভোট দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি