প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:১৭ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন পর্যায়ের উপজেলা বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের টিপুরদী এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে পরে মোগরাপাড়া চৌরাস্তা প্রদক্ষিণ করে পিরোজপুর ইউনিয়নের শুকতারা সিএনজি পাম্পের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দেখা যায়।
র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের রাজনৈতিক সচিব ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব।
বক্তব্য দিতে গিয়ে খাইরুল ইসলাম সজিব বলেন, যুবদল দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক অবস্থান তৈরি করেছে। গত ১৭ বছরের আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে তিনি দাবি করেন। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দেওয়ার পরিবর্তে রাজপথে রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী শক্তির মোকাবিলা করতে চায় যুবদল। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে শান্তিপূর্ণ ও উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নেতাকর্মীরা কাজ করবেন বলেও তিনি উল্লেখ করেন।
সোনারগাঁ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়ার সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, কাউসার আহমেদ, হারুন অর রশিদ মিঠু, করিম রহমান, সেলিম হোসেন দিপু, সোহেল রানা, ইমরান ফারুক ও আব্দুল মান্নানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/এফএইচ