প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৪৫ পিএম

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ৬০ শতাংশ ভোট গণনা শেষে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, দলটি এখন পর্যন্ত ২১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে, গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি ১৬ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
ইসরায়েলের নির্বাচনী ব্যবস্থায় ভোটাররা সরাসরি কোনো প্রার্থীকে নয়, রাজনৈতিক দলকে ভোট দেন। এরপর দলগুলো জোট গঠনের মাধ্যমে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের চেষ্টা করে। দেশটির নির্বাচনী ইতিহাসে এখন পর্যন্ত কোনো একক দল একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। এবারের নির্বাচনে প্রায় ৮০ শতাংশ নিবন্ধিত ভোটার ভোট দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আরব ভোটারদের মধ্যেও ভোটদানের হার প্রায় ৮০ শতাংশ, যা ২০২২ সালের তুলনায় বেশি।
বুথফেরত জরিপের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পরবর্তী নেসেটে আরব নেতৃত্বাধীন দলগুলো ১৮টি আসন পেতে পারে। তবে রাজনৈতিক মতভেদের কারণে নেতানিয়াহু ও তাঁর বিরোধী পক্ষ—কেউই এসব দলের সমর্থন নিতে আগ্রহী নয় বলে বিশ্লেষকদের মত। চূড়ান্ত ফল প্রকাশের পর ইসরায়েলের প্রেসিডেন্ট এমন একজন দলীয় নেতাকে সরকার গঠনের দায়িত্ব দেবেন, যাঁর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার সমর্থন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপর তাঁকে নির্ধারিত সময়ের মধ্যে জোট গঠনের আলোচনা ও আসন সমঝোতা করতে হবে।
স্বদেশ প্রতিদিন/এস পি