প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১২:০১ পিএম আপডেট: ২৮.১০.২০২৬ ১২:০৫ PM

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আগামী নভেম্বরের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহিংসতা ও অনিয়ম ঠেকাতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগও নেওয়া হচ্ছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন।
সিইসি বলেন, শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই কমিশনের লক্ষ্য নয়; ভবিষ্যতের সব নির্বাচনেও একই মান বজায় রাখার সংস্কৃতি গড়ে তুলতে চায় ইসি। স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা জরুরি উল্লেখ করে তিনি বলেন, ইউপি নির্বাচনে অতীতের সহিংসতা ও প্রাণহানির অভিজ্ঞতা বিবেচনায় আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরেও ক্যামেরা থাকবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী অনুসন্ধান কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর লাগতে পারে বলে জানান সিইসি। প্রথমে ইউনিয়ন পরিষদ, এরপর পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এসএসসি পরীক্ষা ও বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যার বিষয়টি বিবেচনায় নিয়ে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়া ও নিরাপদে বাড়ি ফেরার পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক, পর্যবেক্ষক ও ভোটারদের সহযোগিতাও চেয়েছেন তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি