| শিরোনাম: |

বিরোধী দলকে রাজপথে লং মার্চ ও মিছিল না করে সংসদে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানিয়েছেন সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, লং মার্চ করে সব সমস্যার সমাধান করা গেলে সবার আগে প্রধানমন্ত্রীই তা করতেন।
রোববার বিকেলে জাতীয় সংসদের এলডি হলে আসন্ন কপ সম্মেলন নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বিরোধী দলকে সরকারের সমালোচনা না করে বৈশ্বিক সমস্যা সমাধানে সরকারের পাশে থাকার আহ্বান জানান। একই সঙ্গে পাঁচ মাসের মধ্যেই দেশকে অস্থিতিশীল করতে কারা রাজপথে নামছে, সে বিষয়ে তরুণদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বৈশ্বিক কারণে সৃষ্ট জলবায়ু সংকটের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ন্যায্য দাবিগুলো তুলে ধরেন নূরুল ইসলাম মনি।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত সমস্যায় বাংলাদেশ ন্যায়বিচার চায়। এ পরিবর্তনের কারণে দেশের জমি নষ্ট হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের জমি মরুভূমির মতো হয়ে পড়ছে। মানুষ মারা যাচ্ছে, আবার অনেকে দারিদ্র্যসীমার নিচে চলে যাচ্ছে।
চিফ হুইপ বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান ১ শতাংশেরও কম। অথচ বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ থেকে ৩ শতাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ