
নাস্তায় মিষ্টি আলু খাওয়ার যত উপকারিতা
শীতের আগমনের সঙ্গে খাবারের রুচিতেও পরিবর্তন আসে। বিকেলের নাস্তায় গরম গরম তেলে ভাজা খাবার এড়িয়ে স্বাস্থ্যসচেতন অনেকেই খোঁজেন পুষ্টিকর খাবার। এ সময় নাস্তায় গরম মিষ্টি আলু খাওয়ার অভ্যাস গড়ে তুললে শরীরের প্রয়োজনীয় বিভিন্ন ভিটামিন ও খনিজের চাহিদা পূরণে সহায়তা পাওয়া যেতে পারে।
মিষ্টি আলুতে রয়েছে ফাইবার বা আঁশ, ভিটামিন ও বিভিন্ন খনিজ উপাদান। এক কাপ বা প্রায় ২০০ গ্রাম সেদ্ধ কিংবা পোড়া মিষ্টি আলু থেকে শরীর উল্লেখযোগ্য পরিমাণ ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম ও ম্যাঙ্গানিজ পায়।
অ্যান্টি-অক্সিডেন্টের উৎস
বিশেষ করে হলুদ ও বেগুনি রঙের মিষ্টি আলুতে প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। এসব উপাদান শরীরকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যালের প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। ফ্রি র্যাডিক্যালের ক্ষতি বয়সজনিত পরিবর্তন, হৃদ্রোগ ও ক্যানসারের ঝুঁকির সঙ্গে সম্পর্কিত।
হজমে সহায়তা করে
মিষ্টি আলুতে দুই ধরনের আঁশ থাকে—দ্রবণীয় ও অদ্রবণীয়। এসব আঁশ মল নরম রাখতে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে।
এ ছাড়া আঁশ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে। ফলে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। পর্যাপ্ত আঁশযুক্ত খাবার খাওয়া কোলন ক্যানসারের ঝুঁকি কমানোর সঙ্গেও সম্পর্কিত।
ক্যানসার প্রতিরোধে সম্ভাব্য ভূমিকা
বিশেষ করে বেগুনি রঙের মিষ্টি আলুতে অ্যান্থোসায়ানিন নামের অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। পরীক্ষাগারে পরিচালিত গবেষণায় দেখা গেছে, এই উপাদান ক্যানসার কোষের বৃদ্ধি ধীর করতে পারে। মূত্রথলি, কোলন, পাকস্থলী ও স্তন ক্যানসারের কোষের ওপর এমন প্রভাব দেখা গেছে।
তবে মানুষের শরীরে এই প্রভাব কতটা কার্যকর, তা নিশ্চিত করতে আরও গবেষণা প্রয়োজন। নিয়মিত শাকসবজি ও অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ খাবার খাওয়া সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী।
দৃষ্টিশক্তি ভালো রাখতে সহায়ক
হলুদ বা কমলা রঙের মিষ্টি আলুতে প্রচুর বিটা-ক্যারোটিন থাকে। শরীরে এটি ভিটামিন এ-তে রূপান্তরিত হয়। সুস্থ দৃষ্টিশক্তি বজায় রাখতে এই ভিটামিন গুরুত্বপূর্ণ।
ভিটামিন এ-এর অভাবে রাতকানা ও চোখের শুষ্কতার মতো সমস্যা দেখা দিতে পারে। মিষ্টি আলু খেলে শরীরে ভিটামিন এ-এর চাহিদা পূরণে সহায়তা পাওয়া যায়।
রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে সাহায্য করে
ভিটামিন এ শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া অন্ত্রের আবরণ সুস্থ রাখতেও এই ভিটামিন প্রয়োজন। অন্ত্রের সুস্থতা শরীরকে বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়তে সহায়তা করে।
মস্তিষ্কের স্বাস্থ্যেও উপকারী
বেগুনি মিষ্টি আলুতে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট মস্তিষ্কের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে বলে বিভিন্ন গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে।
এ ছাড়া নিয়মিত ফল ও শাকসবজিসমৃদ্ধ খাবার খাওয়ার সঙ্গে বয়সজনিত স্মৃতিশক্তি হ্রাস ও ডিমেনশিয়ার ঝুঁকি তুলনামূলক কম থাকার সম্পর্ক পাওয়া গেছে।
তাই শীতের নাস্তায় তেলে ভাজা খাবারের পরিবর্তে সেদ্ধ বা পোড়া মিষ্টি আলু রাখা যেতে পারে। এতে শরীর প্রয়োজনীয় পুষ্টি পাওয়ার পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতেও সহায়তা মিলবে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ