প্রকাশ: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৩:৫০ পিএম

নিউইয়র্ক, লন্ডন কিংবা প্যারিসের মতো পরিচিত গন্তব্যের বাইরে ভ্রমণের নতুন অভিজ্ঞতা পেতে চাইলে তালিকায় রাখতে পারেন বিশ্বের দ্রুত বদলে যাওয়া পাঁচ শহর। ফ্রান্সের তুলুজ, ভিয়েতনামের হো চি মিন সিটি, পোল্যান্ডের ওয়ারশ, কলম্বিয়ার মেডেলিন ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি—অর্থনৈতিক উন্নয়ন, আধুনিক যোগাযোগব্যবস্থা, সাংস্কৃতিক আয়োজন ও বৈচিত্র্যময় খাবারের কারণে শহরগুলো পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। বিবিসির এক প্রতিবেদনে অক্সফোর্ড ইকোনমিকসের ২০২৬ সালের গ্লোবাল সিটিজ ইনডেক্সের তথ্য তুলে ধরে শহরগুলোর পরিবর্তন ও ভ্রমণ আকর্ষণ সম্পর্কে জানানো হয়েছে।
ফ্রান্সের তুলুজে রয়েছে প্রাণবন্ত ক্যাফে, উৎসব, খাবারের আয়োজন এবং মহাকাশ ও উড়োজাহাজশিল্পের ইতিহাস জানার সুযোগ। ভিয়েতনামের হো চি মিন সিটিতে পর্যটকেরা ঘুরে দেখতে পারেন ফরাসি ঔপনিবেশিক আমলের স্থাপনা, ওয়ার রেমন্টস জাদুঘর ও ঐতিহাসিক চো লোন এলাকা। পাশাপাশি বান মি, কোম তাম ও বান সেওর মতো স্থানীয় খাবারের স্বাদ নেওয়ার সুযোগও রয়েছে। অন্যদিকে, পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে পুরোনো শহরের স্থাপত্য, প্যালেস অব কালচার অ্যান্ড সায়েন্স এবং স্থানীয় খাবারের অভিজ্ঞতা ভ্রমণকে করে তুলতে পারে আরও আকর্ষণীয়।
কলম্বিয়ার মেডেলিনে রয়েছে পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য মেট্রোকেবল, দেয়ালচিত্র, শিল্প-সংস্কৃতি ও স্থানীয় খাবারের বৈচিত্র্য। শহরটির কোমুনা ১৩ এলাকা ঘুরে দেখা যায় স্থানীয় ইতিহাস ও সামাজিক পরিবর্তনের নানা দিক। আর আবুধাবিতে সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বন, জাদুঘর ও ক্রমবর্ধমান সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি উপভোগ করা যায় তুলনামূলক শান্ত পরিবেশ। আধুনিক নগরজীবনের সঙ্গে স্থানীয় ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধন দেখতে চাইলে এই পাঁচ শহর হতে পারে ভ্রমণের আকর্ষণীয় গন্তব্য।
স্বদেশ প্রতিদিন/এস পি