প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:০৩ পিএম

বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান
বাংলাদেশে আগামী পাঁচ বছরে ১ ট্রিলিয়ন ইয়েন বা প্রায় ৬ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের পরিকল্পনা করেছে জাপান। দেশটির বেসরকারি খাতের মাধ্যমে এ বিনিয়োগ আসবে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে যৌথ বিবৃতির মাধ্যমে এ বিনিয়োগ পরিকল্পনার ঘোষণা দেওয়ার কথা রয়েছে।
এ উদ্যোগের মূল লক্ষ্য বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদার করা এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প ও বিনিয়োগকেন্দ্র হিসেবে গড়ে তোলা।
পরিকল্পনা অনুযায়ী, বাংলাদেশে অটোমোবাইল, অন্যান্য উৎপাদনশিল্প এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের অবকাঠামো উন্নয়নে এ বিনিয়োগ ব্যয় করা হবে। পাশাপাশি জাপানি ট্রেডিং প্রতিষ্ঠান সুমিতোমো করপোরেশনসহ অন্যান্য অংশীদারের উদ্যোগে গড়ে তোলা ‘বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে’ জাপানি কোম্পানিগুলো বিনিয়োগ করবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারি চুক্তি (ইপিএ) সই করেছে জাপান। এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ