প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ১২:১৫ পিএম আপডেট: ২২.১০.২০২৬ ১২:১৬ PM

ঝালকাঠির কাঁঠালিয়ায় ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দিবাগত রাত ১০টা ৩০ মিনিটের দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া খেয়াঘাট ব্রিজের পাশের পাকা রাস্তার ওপর থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার কচুয়া গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত হোসেন হাওলাদারের ছেলে মো. কবির হাওলাদার (৪৫) এবং একই এলাকার মো. শাহ আলম হাওলাদারের ছেলে মো. রাজিব হাওলাদার (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা ও মোহন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) নুরুল হক ও ইমরানের নেতৃত্বে একটি দল পূর্ব কচুয়া ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় কবির ও রাজিবের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাঁদের তল্লাশি করা হয়। তল্লাশিকালে তাঁদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাঁদের গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, “গ্রেফতার হওয়া আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।”
স্বদেশ প্রতিদিন/এফএইচ