শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সালমানকে নিশানা করার পরিকল্পনা, পরে টাইগারের গাড়িতে গুলি!      ● পরিবারকে সময় দিতে না পারার আক্ষেপে কাঁদলেন আমির খান      ● আগাম সবজি চাষে ভাগ্য বদলের স্বপ্ন টাঙ্গাইলের কৃষকদের      ● নাস্তায় মিষ্টি আলু খাওয়ার যত উপকারিতা      ● এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি খেলতে ভারত গেল হকি দল      ● ২০২৭ সালের গ্রীষ্মে নতুন স্টেডিয়ামে খেলবে নিউইয়র্ক সিটি এফসি      ● ইউরোপে গ্রীষ্মের তাপপ্রবাহে ৫০ হাজারের বেশি মৃত্যু      ● ভালুকায় সাপের কামড়ে নারীর মৃত্যু       ● বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান      ● হাসপাতালে মঈন খানকে দেখতে গেলেন রাষ্ট্রপতি      ● ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ জরুরি: প্রতিমন্ত্রী      ● দলের মধ্যে থাকা বট ও গুপ্তদের চিহ্নিত করা হচ্ছে      
সালমানকে নিশানা করার পরিকল্পনা, পরে টাইগারের গাড়িতে গুলি!
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:৩২ পিএম

বলিউড তারকাদের ঘিরে একের পর এক হুমকি ও হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে। সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার তদন্তে নতুন কিছু তথ্য সামনে এসেছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, হামলার আগে সন্দেহভাজন ব্যক্তিরা সালমান খানের বাড়ির আশপাশেও নজরদারি চালিয়েছিলেন। তবে সালমানকে নিশানা করার পরিকল্পনা থেকে সরে এসে টাইগারকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

শুধু সালমান নয়, আমির খান ও রণবীর সিংয়ের বাড়ির আশপাশেও সন্দেহভাজনদের যাতায়াতের তথ্য পেয়েছে পুলিশ। গুগলে তারকাদের বাড়ির ঠিকানা খোঁজার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।

গত ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ফুটবল খেলে ফেরার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা অভিনেতার গাড়িতে হামলা চালায়। এতে টাইগার অক্ষত থাকলেও তাঁর গাড়িচালক ও এক অটোরিকশাচালক আহত হন। হামলার পর মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনার তদন্তে নেমে মুম্বাই পুলিশ একাধিক রাজ্যে অভিযান চালায়। বৃহস্পতিবার পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তারের খবর পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়েছে, সন্দেহভাজন তিন হামলাকারী রেহান আনসারি, ফুল সিং ও ঋত্বিককে ৩১ অক্টোবর পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে।

প্রথমে সালমানের বাড়ির আশপাশে নজরদারি

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে পৌঁছে সন্দেহভাজন ব্যক্তিরা প্রথমে সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশে গিয়েছিলেন। সেখানে পুলিশ ও সশস্ত্র নিরাপত্তারক্ষীদের উপস্থিতি দেখে তাঁরা অন্য কাউকে নিশানা করার সিদ্ধান্ত নিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

এরপর তাঁদের নজর পড়ে টাইগার শ্রফের ওপর। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ও বিভিন্ন পোস্ট থেকে অভিনেতার নিয়মিত ফুটবল খেলার সময় ও স্থান সম্পর্কে ধারণা নেওয়া হয়েছিল বলে তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হামলার অন্তত ১০ দিন আগে থেকেই জুহুর ওই মাঠের আশপাশে নজরদারি চালানো হয়েছিল। ১১ অক্টোবরও সেখানে গিয়েছিলেন সন্দেহভাজন ব্যক্তিরা। তবে সেদিন টাইগার মাঠে না আসায় হামলার পরিকল্পনা বাস্তবায়িত হয়নি বলে ধারণা করা হচ্ছে। পরে ১৮ অক্টোবর তাঁর গাড়িতে গুলি চালানো হয়।

তবে সালমানই হামলাকারীদের মূল লক্ষ্য ছিলেন কি না, সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত কোনো বক্তব্য দেয়নি।

গুগলে তারকাদের বাড়ির ঠিকানা খোঁজার তথ্য

তদন্তে সবচেয়ে উদ্বেগজনক যে তথ্যটি সামনে এসেছে, তা হলো—সন্দেহভাজন ব্যক্তিরা গুগলে তারকাদের বাড়ির ঠিকানা খুঁজতেন। এরপর অটোরিকশা কিংবা মোটরসাইকেলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যেতেন বলে তদন্তকারীদের ধারণা।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সালমান ছাড়াও আমির খান ও রণবীর সিংয়ের বাড়ির আশপাশে সন্দেহভাজনদের যাতায়াতের তথ্য পাওয়া গেছে। এসব তারকাকে হামলার লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয়েছিল, নাকি অন্য কোনো কারণে তাঁরা ওই এলাকাগুলোতে গিয়েছিলেন, তা যাচাই করছে পুলিশ।

একাধিক তারকার বাড়ির আশপাশে সন্দেহভাজনদের যাতায়াতের তথ্য সামনে আসায় বলিউডের তারকাদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তবে তাঁদের সবাইকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।

অস্ত্র ও অর্থের জোগানদাতাদের খুঁজছে পুলিশ

হামলার নেপথ্যে অস্ত্র সরবরাহ ও অর্থ লেনদেনের একটি চক্রের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, অমৃতসর থেকে সংগ্রহ করা একটি আগ্নেয়াস্ত্র দিল্লিতে নেওয়া হয়। পরে রাধা ভার্মা ও ববিতা রাও নামের দুই নারী সেটি মুম্বাইয়ে পৌঁছে দেন বলে অভিযোগ উঠেছে।

তদন্তকারীদের দাবি, অস্ত্র সরবরাহের প্রক্রিয়ায় জড়িত ব্যক্তিদের মধ্যে যোগাযোগ সীমিত রাখার চেষ্টা করা হয়েছিল, যাতে কেউ অন্যদের পরিচয় জানতে না পারেন। অর্থের উৎসও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, হামলাকারী ও তাঁদের সহযোগীদের কাছে প্রায় দুই লাখ রুপি পৌঁছানোর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ২৫ হাজার রুপিতে একটি পুরোনো মোটরসাইকেল কেনা হয়েছিল বলে পুলিশের দাবি।

অর্থের কিছু অংশ ডিজিটাল লেনদেনের মাধ্যমে পাঠানো হয়েছিল বলেও জানা গেছে। হামলায় ব্যবহৃত অস্ত্র ফেলে দেওয়া হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। অস্ত্র উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের মুঠোফোন ও যোগাযোগের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ

এই ঘটনার সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। অনিল পণ্ডিত নামের এক ব্যক্তির সম্ভাব্য ভূমিকা তদন্তের আওতায় এসেছে। তাঁর সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের যোগাযোগ রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া গ্যাংটির সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে পরিচিত শুভম লোঙ্কারের নামও আলোচনায় এসেছে।

টাইগারের গাড়িতে গুলির ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও বার্তা ছড়িয়ে পড়ে। সেখানে নিজেকে অনিল পণ্ডিত পরিচয় দেওয়া এক ব্যক্তি হামলার দায় স্বীকার করেন বলে দাবি করা হয়। একই সঙ্গে সালমানের সঙ্গে কাজ করা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে অডিও বার্তাটির সত্যতা ও বক্তার পরিচয় স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। ফলে এ ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতা এখনো তদন্তের বিষয়।

সালমানের বাড়িতে বাড়তি নিরাপত্তা

নতুন তথ্য সামনে আসার পর সালমান খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি। তাঁর গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে অত্যাধুনিক সাবমেশিনগানসহ বিশেষ কমান্ডো মোতায়েন করা হয়েছে। বাড়ির আশপাশেও বাড়ানো হয়েছে নজরদারি।

সালমান আগে থেকেই ওয়াই-প্লাস নিরাপত্তা পান। তাঁর চলাচলের সময় সশস্ত্র পুলিশ সদস্যরা সঙ্গে থাকেন। কোনো অনুষ্ঠানে অংশ নিলে সংশ্লিষ্ট এলাকার পুলিশও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করে।

এর আগেও একাধিকবার হুমকির মুখে পড়েছেন এই অভিনেতা। ২০২৪ সালের ১৪ এপ্রিল বান্দ্রায় তাঁর বাড়ির বাইরে গুলি চালানো হয়। একই বছরের ১২ অক্টোবর মুম্বাইয়ে গুলিতে নিহত হন সালমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকি। এসব ঘটনায় বিষ্ণোই গ্যাংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছিল।

বলিউডজুড়ে উদ্বেগ

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনার আগেও চলচ্চিত্র নির্মাতা রোহিত শেঠির বাড়িতে গুলিবর্ষণ এবং অভিনেতা রণবীর সিংকে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ সামনে এসেছিল। এবার একাধিক তারকার বাড়ির আশপাশে সন্দেহভাজনদের যাতায়াতের তথ্য পাওয়ায় উদ্বেগ আরও বেড়েছে।

অভিনেতা মনোজ বাজপেয়ীও এ পরিস্থিতি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁর মতে, চলচ্চিত্রজগৎ দীর্ঘদিন ধরেই অপরাধী চক্রের সহজ লক্ষ্য হয়ে রয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

টাইগার শ্রফের গাড়িতে গুলির ঘটনা বিচ্ছিন্ন হামলা, নাকি এর পেছনে বলিউডের একাধিক তারকাকে ঘিরে আরও বড় কোনো পরিকল্পনা রয়েছে—তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। অস্ত্রের উৎস, অর্থের লেনদেন, সন্দেহভাজনদের যোগাযোগ এবং তারকাদের বাড়ির আশপাশে তাঁদের যাতায়াতের কারণ অনুসন্ধান করে ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের চেষ্টা চলছে।






স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close