প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ২:৩০ পিএম

ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিরঙ্গা পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন। শুক্রবার (১৬ অক্টোবর) ও শনিবারের জন্য কনট প্লেসের সেন্ট্রাল পার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। কর্মসূচি ঘিরে দিল্লি ও আশপাশের এলাকায় ২৫ হাজারের বেশি পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পার্ক ও রাজীব চক মেট্রো স্টেশনে নতুন সিসিটিভি ক্যামেরাও স্থাপন করা হয়েছে। নয়াদিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (এনডিএমসি) প্রশাসনিক কারণ দেখিয়ে পার্ক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
সিজেপির নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তারের প্রতিবাদে এ পদযাত্রার ডাক দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে সংগঠনটি ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছে। যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা থাকায় সেন্ট্রাল পার্ককে কর্মসূচির স্থান হিসেবে বেছে নেয় সংগঠনটি। শুক্রবারের কর্মসূচিতে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাসহ আম আদমি পার্টির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীদের অভিযোগ অবশ্য নির্বাচন কমিশন অস্বীকার করেছে।
কর্মসূচি ঘিরে বৃহস্পতিবার দিল্লি পুলিশের উচ্চপর্যায়ের বৈঠক হয়। পুলিশ জনসাধারণকে সেন্ট্রাল পার্কে জড়ো না হওয়ার আহ্বান জানিয়েছে। তবে পরিস্থিতি বিবেচনায় নির্দিষ্ট একটি ছোট দলকে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার সুযোগ দেওয়া হতে পারে। আপাতত মেট্রো পরিষেবা বন্ধের সিদ্ধান্ত বিবেচনায় নেই; পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে শেষ বিকল্প হিসেবে বিষয়টি ভাবা হবে বলে জানিয়েছে পুলিশ।
স্বদেশ প্রতিদিন/এস পি