প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:৩৪ পিএম

রাজনীতির জগতে কাউকেই বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিশ্বাস করেন কি না—এমন প্রশ্নের জবাবে মার্কিন ডানপন্থী সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শুক্রবার (১৬ অক্টোবর) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে দ্য টাইমস অব ইসরায়েল।
ট্রাম্প বলেন, ‘সত্যি বলতে, আমি কাউকেই বিশ্বাস করি না। রাজনীতির জগতে আমি কাউকেই বিশ্বাস করি না।’ তবে নেতানিয়াহুর সঙ্গে তাঁর সম্পর্ক ভালো বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে সামরিক তৎপরতার প্রসঙ্গ টেনে তিনি দুই দেশের সফল সামরিক অংশীদারত্বের কথা তুলে ধরেন।
ইসরায়েলে আগামী ২৭ অক্টোবরের নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর প্রতি ট্রাম্প সমর্থন জানাবেন কি না, তা নিয়ে সম্প্রতি তাঁকে একাধিকবার প্রশ্ন করা হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসরায়েলের কর্মকর্তারা চান তিনি যেন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারে যুক্ত হন। তবে তিনি নিজে প্রচারে অংশ নেবেন কি না, সে বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে নির্বাচনী প্রচারে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা তুলে ধরেছেন। ফলে মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য সমর্থন নিয়ে ইসরায়েলের রাজনীতিতে আলোচনা চলছে।
স্বদেশ প্রতিদিন/এস পি