প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:৪৩ পিএম

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে ট্রেনে কাটা পড়ে আকলিমা আক্তার পাখি (৩০) ও তাঁর আট বছর বয়সী মেয়ে রাফা মনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘোড়াশাল বাইপাস সড়কের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকলিমা ঘোড়াশাল পৌরসভার ফুলদিরটেক গ্রামের সৌদি প্রবাসী রাশেদুল ইসলামের স্ত্রী। তিনি মেয়েকে নিয়ে ওই এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন আকলিমা। পরে রেললাইনে উঠলে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন মা ও মেয়ে। এতে ঘটনাস্থলেই আকলিমার মৃত্যু হয়। গুরুতর আহত শিশু রাফাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রাত ৯টা ৪০ মিনিটের দিকে ঘটনাস্থল থেকে আকলিমার মরদেহ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দিলীপ জানান, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মা-মেয়ের এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বদেশ প্রতিদিন/এস পি