প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১:৪৩ পিএম আপডেট: ১৫.১০.২০২৬ ১:৫০ PM

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদে অনৈতিক কাজের অপরাধে দণ্ডিত দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক কাজের অভিযোগ প্রমাণিত হওয়ায় নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়।
মামলাটি বিচারিক আদালতে পাঠানো হলে পবিত্র স্থানের মর্যাদা লঙ্ঘনের অপরাধ বিবেচনায় আদালত তাদের মৃত্যুদণ্ডের রায় দেন। পরে উচ্চতর কর্তৃপক্ষ রায়টি বহাল রাখে। রাজকীয় ফরমানের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।
গত বুধবার মক্কা অঞ্চলে নজরুল ইসলাম ও সিতি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশের নিরাপত্তা ও বিচারব্যবস্থা নিশ্চিত করা এবং মসজিদের পবিত্রতা ক্ষুণ্ন করা কিংবা অনৈতিক কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ইসলামি শরিয়াহ আইন বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অপরাধের চেষ্টা করলে কঠোর আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ