প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:৩৯ পিএম আপডেট: ১৬.১০.২০২৬ ২:০৪ PM

শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জেলাগুলোর পাশাপাশি গোপালগঞ্জ, মাদারীপুর ও ফরিদপুরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। শুক্রবার (১৬ অক্টোবর) থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান। তিনি বলেন, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা পরিচালনা করা হবে।
বিজিবির এই কর্মকর্তা জানান, সারা দেশে ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপের নিরাপত্তায় সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ১ হাজার ৪২৫টি পূজামণ্ডপ, ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে ১ হাজার ১১৯টি এবং দুর্গম ও দূরবর্তী এলাকায় রয়েছে ১৮৩টি পূজামণ্ডপ।
এসব মণ্ডপ সরেজমিনে পরিদর্শন করে যাতায়াতের পথ ও স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে। দুর্গম এলাকার মণ্ডপগুলোতে দ্রুত নিরাপত্তা সহায়তা পৌঁছাতে স্থাপন করা হয়েছে ২১টি বেজ ক্যাম্প। নিরাপত্তা কার্যক্রম সমন্বয়ে ‘শারদীয় সুরক্ষা’ অ্যাপ এবং সদর দপ্তর ও মাঠপর্যায়ে মনিটরিং সেল চালু করা হয়েছে। পূজার সময় গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধে নজরদারি থাকবে জানিয়ে সংবেদনশীল তথ্য প্রচারের আগে সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি।
স্বদেশ প্রতিদিন/এস পি