প্রকাশ: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১:১৪ পিএম আপডেট: ১৬.১০.২০২৬ ১:৫৭ PM

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে অনুদান দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি। অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের আপনজন এবং তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কোনো বৈষম্য করে না। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, দুর্গাপূজা আনন্দমুখর পরিবেশে উদযাপন এবং হিন্দু সম্প্রদায়ের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও বিএনপি সহযোগিতা করছে। তাঁর দাবি, গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে প্রমাণ করেছেন যে তাঁরা কোনো রাজনৈতিক দলের সম্পদ নন; বরং স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার রাখেন।
বিরোধী দলের সমালোচনা করে মীর শাহে আলম বলেন, ‘১১ দলীয় জোট বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে।’ তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস হওয়ায় এরই মধ্যে বিরোধী দলের একদফা দাবিকে তিনি ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন। দেশের স্বার্থে বিরোধী দলকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে এবার ছুটি এক দিন বাড়ানো হয়েছে এবং সরকারি উদ্যোগে প্রতিটি মন্দিরে ৬০০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের শাড়ি দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল ওহাব এবং মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক ও সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।
স্বদেশ প্রতিদিন/এস পি