প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৫:৪৮ পিএম

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পূজামণ্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে এক বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মেহেদী হাসান। এ সময় তিনি পূজামণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মকুল খানমের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ ব্রিফিং প্যারেডে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় এবং মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোহেল রানা।
প্যারেডে উপস্থিত কর্মকর্তারা আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে পুলিশ ও প্রশাসনের সাথে সমন্বয় রেখে আনসার ও ভিডিপি সদস্যদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। ব্রিফিং প্যারেডে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দলনেতা, দলনেত্রীসহ পূজার ডিউটিতে নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা অংশ নেন।
স্বদেশ প্রতিদিন/এস পি