প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৭:৪০ পিএম

এসএসসি, এইচএসসিসহ সমমানের পাবলিক পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে দ্রুত পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে এইচএসসি ও সমমানে ফেল করা শিক্ষার্থীদের দুই মাসের মধ্যে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এশিয়া পোস্টকে এ তথ্য জানান।
তিনি বলেন, চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে প্রকাশ করা হতে পারে। এ সময়ের মধ্যে যেকোনো এক দিন ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণের জন্য শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব দিয়েছে। ফল প্রকাশের পর দুই মাসের মধ্যে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য পুনরায় পরীক্ষার আয়োজন করা হবে।
শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, এ বিষয়ে বোর্ডে বৈঠক হয়েছে। পরে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকেও তাঁদের পরিকল্পনার কথা জানানো হয়েছে।
সৈয়দ আক্তারুজ্জামান বলেন, এইচএসসির ফল প্রকাশের পর অকৃতকার্য শিক্ষার্থীদের দ্রুততম সময়ের মধ্যে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি রয়েছে তাঁদের।
এর আগে গত শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানান, এসএসসি ও এইচএসসিতে অকৃতকার্য পরীক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার বিষয়টি সরকার ইতিবাচকভাবে বিবেচনা করছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ