প্রকাশ: রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬, ৫:২৬ পিএম

সংগৃহীত ছবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের তাণ্ডব, দুই থানা ও তিন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার পর গোপালগঞ্জে ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। জেলার পাঁচটি পরীক্ষাকেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে পার্শ্ববর্তী মাদারীপুর ও ফরিদপুর জেলায়। এসব জেলার চারটি উপকেন্দ্রে পরীক্ষা দেবেন গোপালগঞ্জের শিক্ষার্থীরা।
রোববার (২৯ নভেম্বর) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, গোপালগঞ্জে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণের অনুকূল পরিবেশ না থাকায় জেলার কেন্দ্রগুলোর পরীক্ষা পার্শ্ববর্তী মাদারীপুরের রাজৈর ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার নির্ধারিত কেন্দ্র ও উপকেন্দ্রে নেওয়া হবে।
বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, গোপালগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে মাদারীপুরের সরকারি রাজৈর গোপালগঞ্জ কপালী যুবক সংঘ পাইলট মডেল ইনস্টিটিউশন ও কলেজে।
কাশিয়ানীর রামদিয়া সরকারি শ্রীকৃষ্ণ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি কলেজে। অন্যদিকে, কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে হবে মাদারীপুরের সরকারি রাজৈর কলেজে।
এ ছাড়া টুঙ্গিপাড়ার বাঘিয়ারঘাট স্কুল অ্যান্ড কলেজ এবং মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্রের পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে রাজৈরের শহীদ সরদার শাহজাহান উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ে। স্থানান্তরিত কেন্দ্র ও উপকেন্দ্রগুলোতে পরীক্ষা গ্রহণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।