প্রকাশ: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ৫:৫০ পিএম

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক।
আলোচনা সভায় কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষা ও বিকাশের সমান সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাল্যবিবাহের কারণে কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই এ বিষয়ে পরিবার ও সমাজের সচেতনতা বাড়ানোর পাশাপাশি মেয়েদের পড়াশোনা চালিয়ে যাওয়ার উপযোগী পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। কন্যাশিশুরা যেন নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে এবং নিজেদের মেধা ও যোগ্যতা দিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পায়, সে জন্য পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা দেবেশ কুমার সিংহ, যুব উন্নয়ন কর্মকর্তা বেলায়েত হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
স্বদেশ প্রতিদিন/এফএইচ