প্রকাশ: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১২:৩৫ পিএম

নেত্রকোনার কেন্দুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) সকালে উপজেলার পাইকুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাওয়ালীকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলো মোয়াদ (৭) ও আরাফাত (৫)। তারা মো. আব্দুস সাত্তারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ঘুম থেকে উঠে বাড়ির উঠোনে খেলাধুলা করছিল দুই ভাই। খেলার একপর্যায়ে বড় ভাই মোয়াদ প্রতিবেশী নুরেছা খাতুনের পল্লী বিদ্যুতের আর্থিং তার স্পর্শ করলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। বড় ভাইকে বিদ্যুৎস্পৃষ্ট হতে দেখে তাকে বাঁচাতে গিয়ে ছোট ভাই আরাফাতও তারটি স্পর্শ করে বিদ্যুতায়িত হয়।
পরে স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই শিশুর একসঙ্গে এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং এতে তিনিও মর্মাহত। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এস পি