প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৩৩ পিএম

বলিউডে তিনি ‘মিস্টার পারফেকশনিস্ট’ নামে পরিচিত। পর্দায় চরিত্রের প্রয়োজনে কখনো আমূল বদলে ফেলেন নিজের চেহারা, আবার কখনো অভিনয়দক্ষতায় জয় করেন দর্শকের হৃদয়। তবে এবার নতুন কোনো সিনেমার চরিত্র নয়, বরং নিজের স্বাভাবিক চেহারা নিয়েই আলোচনায় উঠে এসেছেন জনপ্রিয় অভিনেতা আমির খান।
সম্প্রতি এক অনুষ্ঠানে একেবারেই ভিন্ন লুকে দেখা গেছে আমিরকে। মাথাভর্তি পাকা চুল, ধূসর আভা আর সাদামাটা সাজে হাজির হয়ে চমকে দিয়েছেন উপস্থিত সবাইকে। চেহারায় বয়সের ছাপ স্পষ্ট হলেও বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন অভিনেতা। তাঁর নতুন লুক ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।
আমিরের চেহারায় এমন পরিবর্তন দেখে অনেকের ধারণা, নিশ্চয়ই নতুন কোনো সিনেমার চরিত্রের প্রস্তুতি নিচ্ছেন তিনি। কারণ, পর্দায় নিজেকে ভিন্নভাবে উপস্থাপন করতে বরাবরই পছন্দ করেন এই অভিনেতা। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়ানো থেকে শুরু করে চেহারায় বড় ধরনের পরিবর্তন—সবকিছুতেই তাঁর প্রস্তুতি থাকে নিখুঁত।
তবে ভক্তদের সেই ধারণা নাকচ করে দিয়েছেন আমির নিজেই। নতুন কোনো সিনেমার জন্য নয়, বরং চুলের স্বাভাবিক রং ফিরিয়ে আনতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেতা জানিয়েছেন, আপাতত চুলে আর কলপ বা রং করছেন না। নিয়মিত চুলে রং করাটা তাঁর কাছে একঘেয়ে হয়ে উঠেছিল। তাই সেই অভ্যাস থেকে বেরিয়ে এসেছেন।
আমিরের এমন খোলামেলা স্বীকারোক্তিতে অনুষ্ঠানে তৈরি হয় হাস্যরসের পরিবেশ। এ সময় বলিউডের খ্যাতিমান পরিচালক সুভাষ ঘাই মজা করে বলেন, আমিরকে যখনই নতুন কোনো অবয়বে দেখা যায়, তখনই বুঝতে হবে নতুন কোনো চরিত্র নিয়ে গভীরভাবে পড়াশোনা কিংবা চর্চা শুরু করেছেন তিনি।
সুভাষ ঘাইয়ের এই রসিক মন্তব্যে আমিরের নতুন লুক নিয়ে আলোচনায় যোগ হয়েছে বাড়তি মাত্রা। তবে আমিরের বক্তব্যে আপাতত স্পষ্ট, তাঁর পাকা চুলের পেছনে নতুন কোনো সিনেমার রহস্য নেই। বরং নিজের স্বাভাবিক চেহারাকে সহজভাবে গ্রহণ করার সিদ্ধান্তই নিয়েছেন তিনি।
বলিউডে তারকাদের তারুণ্য ধরে রাখতে নানা ধরনের প্রসাধনী ও সৌন্দর্যচর্চার প্রচলন রয়েছে। সেই প্রেক্ষাপটে আমিরের এমন সিদ্ধান্ত আলাদাভাবে নজর কেড়েছে। বয়সের স্বাভাবিক পরিবর্তন আড়াল না করে নিজের মতো করে থাকার এই প্রবণতা ভক্তদের মধ্যে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ