প্রকাশ: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৪:৩৬ পিএম

আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। সহ-অধিনায়ক করা হয়েছে তাওহীদ হৃদয়কে।
শনিবার ঘোষিত এই দলে চমক হিসেবে জায়গা পেয়েছেন আলিস আল ইসলাম। এশিয়ান গেমসে টি-টোয়েন্টি অভিষেকের পর এবার ওয়ানডে দলেও সুযোগ পেয়েছেন তিনি। এ ছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
চোটের কারণে এই সিরিজেও দলে নেই গতির তারকা পেসার নাহিদ রানা। বাংলাদেশের পেস আক্রমণে রয়েছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
স্পিন বিভাগে আলিস আল ইসলামের সঙ্গে রয়েছেন রিশাদ হোসেন ও তানভীর ইসলাম। অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া সুযোগ পেয়েছেন সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত ও নুরুল হাসান সোহান। দলে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমও।
আগামী ১৭ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। ১৯ অক্টোবর মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান। এরপর ২১ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর।
বাংলাদেশের ১৬ সদস্যের স্কোয়াড
- লিটন দাস (অধিনায়ক)
- তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক)
- তানজিদ হাসান তামিম
- মোহাম্মদ সাইফউদ্দিন
- সৌম্য সরকার
- নাজমুল হোসেন শান্ত
- মোসাদ্দেক হোসেন সৈকত
- মেহেদী হাসান মিরাজ
- নুরুল হাসান সোহান
- রিশাদ হোসেন
- তানভীর ইসলাম
- তাসকিন আহমেদ
- মুস্তাফিজুর রহমান
- হাসান মাহমুদ
- শরিফুল ইসলাম
- আলিস আল ইসলাম
স্বদেশ প্রতিদিন/এফএইচ