প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৫০ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ মেরিটাইম এজেন্সি ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO) জানিয়েছে, জাহাজগুলো অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এসব ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রথম হামলায় একটি তেলবাহী জাহাজে সামান্য আগুন ধরে যায় এবং এর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরনের ক্ষতি না হওয়ায় জাহাজটি আবার গন্তব্যের দিকে যাত্রা শুরু করে।
এর কয়েক ঘণ্টা পর ওমানের পূর্বদিকে আরেকটি তেলবাহী জাহাজ অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি ওমানের প্রায় চার নটিক্যাল মাইল পূর্বে আঘাতের শিকার হয়। এতে থাকা সব নাবিক নিরাপদ ছিলেন এবং পরিবেশগত ক্ষতির কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। প্রক্ষেপণাস্ত্রের উৎস বা হামলার জন্য দায়ী পক্ষ তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। সাম্প্রতিক মাসগুলোতে এই জলপথে একাধিক বাণিজ্যিক জাহাজ অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্রের আঘাতের শিকার হয়েছে। UKMTO-এর সাম্প্রতিক ঘটনাতালিকায় সেপ্টেম্বর ও অক্টোবরজুড়ে বেশ কয়েকটি ট্যাংকারে হামলার তথ্য রয়েছে।
চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে UKMTO।
স্বদেশ প্রতিদিন/এস পি