প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৫ পিএম

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে দ্রুত প্রস্তাবটি অনুমোদন করা হলে আগামী ১ অক্টোবর শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার অর্থ জমা হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রের তথ্যমতে, মঙ্গলবার বিকালে সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। একই সঙ্গে বেতনের তথ্য আইবাসে পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজস্ব লগইন ব্যবহার করে এসব তথ্য দেখতে পারছে।
নাম প্রকাশ না করার শর্তে মাউশির এক কর্মকর্তা জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী আট দিনের মধ্যে প্রস্তাব অনুমোদন করা হলে ১ অক্টোবরই শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে টাকা জমা হবে।
তবে প্রস্তাব অনুমোদনে বিলম্ব হলে বেতন-ভাতা পেতেও দেরি হতে পারে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ফলে নির্ধারিত সময়ে বেতন পেতে হলে মন্ত্রণালয়ের অনুমোদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়া গুরুত্বপূর্ণ।
সংশ্লিষ্টরা জানান, প্রতি মাসে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে পাঠানো হয়। অনলাইনে বিল দাখিলের পর তা যাচাই-বাছাই করা হয়। এরপর অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতন-ভাতার অর্থ ছাড়ের ব্যবস্থা নেওয়া হয়।
চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার অর্থ ব্যাংক হিসাবে পাঠানো হয়। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা নিয়মিত দিতে ডিজিটাল বিল দাখিল ও অনুমোদন ব্যবস্থা চালু রয়েছে।
ডিজিটাল পদ্ধতিতে বিল দাখিল ও অনুমোদনের ফলে বেতন-ভাতা প্রক্রিয়াকরণে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি পুরো কার্যক্রম অনলাইনে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এস পি