
সংগৃহীত ছবি
একটি সরকারের ব্যালেন্স শিটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত। নির্ভুল তথ্যের ভিত্তিতেই সরকারের নীতি ও পরিকল্পনা প্রণয়ন করতে হবে। তথ্য গোপন না রেখে সবার জন্য উন্মুক্ত করতে হবে। তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করে অর্থনীতিকে গণমুখী ও বিশ্বাসযোগ্য করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবন অডিটরিয়ামে ‘জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, রাজনীতির গণতান্ত্রিকীকরণের পাশাপাশি অর্থনীতিরও গণতান্ত্রিকীকরণ নিশ্চিত করতে চায় সরকার। অর্থনীতি গণমুখী ও গণতান্ত্রিক না হলে রাজনৈতিক গণতন্ত্র অর্থহীন হয়ে পড়ে। এ জন্য অর্থনীতির প্রকৃত চিত্র তুলে ধরতে নির্ভরযোগ্য উপাত্তের বিকল্প নেই।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে আমির খসরু বলেন, বিবিএসকে কাজের ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তথ্যের গোপনীয়তা নয়, বরং ওপেন ডাটা বা উন্মুক্ত তথ্যব্যবস্থার মাধ্যমে একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে। এর ফলে তথ্যের ভিত্তিতে বিভিন্ন পক্ষের মতামত ও প্রতিক্রিয়া পাওয়া যাবে এবং ভুলত্রুটি সংশোধন করে প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন আনা সম্ভব হবে।
তিনি বলেন, তথ্যের স্বচ্ছতা ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তথ্যের সঙ্গে কারসাজি করা মানে নিজের সঙ্গে প্রতারণা করা। তথ্যের নির্ভুলতা এবং জনগণের আস্থা অর্জনের ক্ষেত্রে কোনো আপস করা যাবে না।
ফরেনসিক অডিট প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এর উদ্দেশ্য অতীতের কোনো উদ্যোগকে আক্রমণ করা নয়; বরং সমস্যার গভীরে গিয়ে প্রকৃত কারণ উদ্ঘাটন করা। সঠিক তথ্য-উপাত্ত ছাড়া বৈষম্য দূর করা কিংবা সুনির্দিষ্ট গবেষণা পরিচালনা করা সম্ভব নয়।
তথ্য ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাস্তবায়নের ক্ষেত্রে ডিজিটাল অবকাঠামো ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। এ সময় তিনি ‘ওয়ান সিটিজেন, ওয়ান ওয়ালেট, ওয়ান কার্ড’ বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বিবিএসের ভূমিকার প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে সংস্থাটি যেভাবে কাজ করছে, তা প্রশংসনীয়। বিবিএস এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ভূমিকার জন্য তিনি ধন্যবাদ জানান। একই সঙ্গে বিবিএসের বিদ্যমান জনবল সংকট নিরসনে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জহির উদ্দিন স্বপন, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।
অনুষ্ঠানে অর্থমন্ত্রী দেশ ও জনগণের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে তথ্যভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।