
নাগোয়া-আইচি এশিয়ান গেমসে বাংলাদেশের জন্য হতাশায় কেটেছে একটি দিন। ক্রিকেট, হকি, সাঁতার, টেবিল টেনিস ও শুটিং—বিভিন্ন ডিসিপ্লিনে অংশ নিলেও উল্লেখযোগ্য কোনো সাফল্য পায়নি বাংলাদেশ।
সবচেয়ে বড় ধাক্কা এসেছে নারী ক্রিকেটে। প্রথমবার এশিয়ান গেমস থেকে সোনা জয়ের লক্ষ্য নিয়ে নামা নিগার সুলতানার দল সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হেরেছে। ফলে সোনার লড়াই থেকে ছিটকে গিয়ে এখন ব্রোঞ্জের জন্য পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে।
আইচির করোগি স্পোর্টস পার্কে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৫ রান সংগ্রহ করে। ভারতের হয়ে ৪৯ বলে অপরাজিত ১০০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শেফালি ভার্মা। তাঁর ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৩টি চার। সাদা বলের ক্রিকেটে এটিই শেফালির প্রথম সেঞ্চুরি।
১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার ২৭ এবং শারমিন আক্তার ১০ রান ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। অধিনায়ক নিগার সুলতানা করেন ৯ রান।
শেষ পর্যন্ত ১৫.৫ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ। ভারতের কাছে ১১৪ রানের এই হার এশিয়ান গেমসে দলটির সবচেয়ে বড় ব্যবধানের পরাজয়। এর আগে ভারতের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানের হার ছিল ৭৯ রানের।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের এটি টানা দশম হার। দুই দলের ২৬টি ম্যাচে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে।
এদিকে সেমিফাইনালের অন্য ম্যাচে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। ফলে চার বছর আগের হ্যাংজু এশিয়ান গেমসের মতো এবারও সোনার লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা। মঙ্গলবার অনুষ্ঠিত হবে ফাইনাল ও বাংলাদেশ-পাকিস্তানের ব্রোঞ্জের লড়াই।
অন্যান্য ডিসিপ্লিনেও ব্যর্থতা
নারী হকিতে এশিয়ান গেমসে প্রথমবার অংশ নিয়েছে বাংলাদেশ। তবে অভিষেক ম্যাচেই চীনের কাছে ১৩-০ গোলে বড় ব্যবধানে হেরেছে দলটি।
সাঁতারেও সাফল্য আসেনি। মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে আট প্রতিযোগীর মধ্যে সপ্তম হয়েছেন বাংলাদেশের মুক্তি খাতুন।
নারীদের টেবিল টেনিসে চীনা তাইপেইর কাছে ৩-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। শুটিংয়ের এয়ার রাইফেল ব্যক্তিগত ইভেন্টেও বাংলাদেশের তিন শুটার বাছাইপর্ব পেরোতে পারেননি।
এর আগে গেমসের শুরুতেই নারী ফুটবলে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে র্যাঙ্কিংয়ের সুবিধায় কোয়ার্টার ফাইনাল পার হয়ে নারী ক্রিকেট দল সেমিফাইনালে উঠলেও সেখানে ভারতের কাছে থামতে হয়েছে তাদের।
সোনা জয়ের স্বপ্নে ধাক্কা
২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে ক্রিকেট অন্তর্ভুক্ত হওয়ার পর নারী বিভাগে প্রথমবার অংশ নিয়ে পাকিস্তানের কাছে হেরে রুপা জিতেছিল বাংলাদেশ। ২০১৪ সালেও পাকিস্তানের কাছে হেরে সোনা হাতছাড়া হয়। ২০২২ সালের হ্যাংজু গেমসে বাংলাদেশ পেয়েছিল ব্রোঞ্জ।
এবার সেই ধারাবাহিকতা বদলে সোনা জয়ের লক্ষ্য নিয়েই এশিয়ান গেমসে এসেছিল নিগার সুলতানার দল। তবে ভারতের বিপক্ষে বড় হার সেই স্বপ্নে আপাতত বড় ধাক্কা দিয়েছে।
এশিয়ান গেমসের পরই টি-টোয়েন্টিতে নেতৃত্বের বাইরে থেকে ব্যাটার হিসেবে খেলার কথা রয়েছে নিগার সুলতানার। গেমস শুরুর আগেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি। তাঁর ভাষ্য, ক্ষোভ বা কষ্ট থেকে নয়, একজন ব্যাটার হিসেবে নিজের পারফরম্যান্সে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্যই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গেমস শেষ হওয়ার পর বাংলাদেশের নারী দলের ব্যাটিং কোচ নাসিরুদ্দিন ফারুকেরও দায়িত্ব শেষ হওয়ার কথা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ