
ঢাকার বর্তমান বিচারিক কাঠামোকে উত্তর ও দক্ষিণে পৃথক করার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আইনি নোটিশ দেওয়া হয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণের জন্য পৃথক জেলা ও দায়রা জজ আদালত এবং মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোটিশে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী সালাহ উদ্দিন রিগ্যান আইনমন্ত্রী, আইন ও বিচার বিভাগের সচিব এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে এ নোটিশ পাঠান।
যেসব আদালত পৃথক করার প্রস্তাব
নোটিশে ঢাকা উত্তর জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা উত্তর মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠা বা পুনর্গঠনের পাশাপাশি ঢাকা দক্ষিণ জেলা ও দায়রা জজ আদালত এবং ঢাকা দক্ষিণ মহানগর দায়রা আদালত প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়, ঢাকার বিপুল জনসংখ্যা, বিস্তৃত ভৌগোলিক এলাকা এবং ক্রমবর্ধমান দেওয়ানি, ফৌজদারি, পারিবারিক, বিশেষ ও মহানগর ফৌজদারি মামলার চাপ বিবেচনায় বর্তমান বিচারিক কাঠামো পুনর্বিন্যাস করা প্রয়োজন।
বিচারিক ব্যবস্থায় চাপের কথা উল্লেখ
আইনি নোটিশে আরও বলা হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় বিপুলসংখ্যক মামলা, বিচারপ্রার্থী, আইনজীবী, সাক্ষী, আসামি এবং সংশ্লিষ্ট ব্যক্তির সমাগমের কারণে বিচারিক প্রশাসনের ওপর ব্যাপক চাপ তৈরি হয়েছে।
সালাহ উদ্দিন রিগ্যান নোটিশে উল্লেখ করেন, এ পরিস্থিতির কারণে বিচারপ্রার্থীদের আদালতে যাতায়াত, মামলার ব্যবস্থাপনা এবং দ্রুত বিচার নিষ্পত্তির কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।
৩০ দিনের সময়সীমা
নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রশাসনিক, আইনগত ও বিচারিক পদক্ষেপ নিয়ে তা লিখিতভাবে জানাতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেওয়া না হলে এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করা হবে বলেও আইনি নোটিশে উল্লেখ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ