প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫ পিএম

ফরিদপুরের মধুখালীতে পুত্রবধূকে একাধিকবার ধর্ষণের মামলায় হাফিজার শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও তিন বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগ
মামলার বিবরণ অনুযায়ী, বিয়ের পর থেকেই পুত্রবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন হাফিজার শেখ। ২০২২ সালের ২৫ আগস্ট সকালে কৌশলে তাকে নিজের ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন তিনি।
পরবর্তীতে ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে ভুক্তভোগী গর্ভবতী হয়ে পড়লে জোরপূর্বক তার গর্ভপাত করানো হয়। বিষয়টি স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের জানালেও কোনো সুরাহা না হওয়ায় তিনি বাবার বাড়িতে চলে যান।
তদন্ত ও অভিযোগপত্র
পরে ২০২২ সালের ১০ সেপ্টেম্বর মধুখালী থানায় মামলা করেন ভুক্তভোগী। মামলাটি তদন্ত শেষে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ তোফাজ্জল হোসেন হাফিজার শেখের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
দীর্ঘ সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে বৃহস্পতিবার আদালত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের বক্তব্য
রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ সাজা দিয়েছেন। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ