
ফেসবুক পেইজের লাইক বা ফলোয়ার বাড়ানোর জন্য সরাসরি বিজ্ঞাপন দেওয়ার সুবিধা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত সপ্তাহ থেকে অনেক ব্যবহারকারীর বিজ্ঞাপন ব্যবস্থাপনায় ‘Page likes’ টার্গেট দেখা গেলেও সেটি নির্বাচন করে বিজ্ঞাপন চালানো যাচ্ছে না।
এর পরিবর্তে অনেক অ্যাকাউন্টে ‘Maximize number of Facebook Page visits’ পারফরম্যান্স গোল স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন করা হচ্ছে। অর্থাৎ, বিজ্ঞাপনের মাধ্যমে সরাসরি পেইজে লাইক নেওয়ার পরিবর্তে ব্যবহারকারীদের পেইজে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন তৈরির সময় সংশ্লিষ্ট অংশে এখন ‘Page likes performance goal is no longer available’ বার্তাও দেখা যাচ্ছে। একই সঙ্গে পেইজের লাইক বা ফলোয়ার বাড়াতে ‘Maximize number of Facebook Page visits’ পারফরম্যান্স গোল ব্যবহারের কথা উল্লেখ করা হচ্ছে।
তবে এই সুবিধা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে কি না, সে বিষয়ে ফেসবুক বা এর মূল প্রতিষ্ঠান মেটা এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি। ফলে এটি স্থায়ী পরিবর্তন, ধাপে ধাপে নতুন ব্যবস্থা চালু করা, নাকি নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টে পরীক্ষামূলকভাবে পরিবর্তন আনা হয়েছে—তা এখনো নিশ্চিত নয়।
বিভিন্ন দেশের বিজ্ঞাপনদাতা ও ডিজিটাল বিপণনকর্মীদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ জানিয়েছেন, তাদের অ্যাকাউন্টে ‘Page likes’ টার্গেট আর কাজ করছে না। আবার কিছু ব্যবহারকারীর ক্ষেত্রে পুরোনো সুবিধাটি এখনো দেখা যাচ্ছে এবং কাজও করছে। ফলে পরিবর্তনটি সব অ্যাকাউন্টে একই সময়ে কার্যকর হয়েছে কি না, সেটিও স্পষ্ট নয়।
আগে ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় নতুন বিজ্ঞাপন তৈরির সময় পেইজের লাইক বাড়ানোর জন্য নির্দিষ্ট লক্ষ্য বেছে নেওয়ার সুযোগ ছিল। নতুন পদ্ধতিতে বিজ্ঞাপন দেখে ব্যবহারকারীকে প্রথমে সংশ্লিষ্ট পেইজে নিয়ে যাওয়া হবে। এরপর পেইজের বিষয়বস্তু ভালো লাগলে ব্যবহারকারী নিজে থেকেই সেটি লাইক বা ফলো করতে পারবেন।
এ ধরনের পরিবর্তন স্থায়ী হলে পেইজের লাইক ও অনুসারী বাড়ানোর প্রচলিত কৌশলেও পরিবর্তন আনতে হবে। শুধু বিজ্ঞাপনের মাধ্যমে লাইক সংগ্রহের পরিবর্তে পেইজের মানসম্মত কনটেন্ট, দর্শকের আগ্রহ এবং নিয়মিত সম্পৃক্ততা বাড়ানোর দিকে বেশি গুরুত্ব দিতে হবে।
কোনো পোস্টে ভালো সাড়া পাওয়া গেলে সেই পোস্টে প্রতিক্রিয়া জানানো ব্যবহারকারীদের পেইজ অনুসরণের আমন্ত্রণ পাঠানো যেতে পারে। পাশাপাশি ব্যবসার প্রয়োজন অনুযায়ী সম্ভাব্য গ্রাহকের তথ্য সংগ্রহ, ওয়েবসাইটে দর্শক আনা কিংবা সরাসরি বিক্রয় বাড়ানোর লক্ষ্যেও বিজ্ঞাপন পরিচালনা করা সম্ভব।
সব মিলিয়ে, ফেসবুকের বিজ্ঞাপন ব্যবস্থাপনায় ‘Page likes’ লক্ষ্য নিয়ে পরিবর্তন দেখা গেলেও এটি মেটার স্থায়ী সিদ্ধান্ত কি না, তা এখনো নিশ্চিত নয়। তাই আপাতত এটিকে সবার জন্য পেইজ লাইক বাড়ানোর বিজ্ঞাপন স্থায়ীভাবে বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই।
স্বদেশ প্রতিদিন/এস পি