প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৩ পিএম

ভারতীয় ক্রিকেটার রিংকু সিং ও ভারতের সংসদ সদস্য প্রিয়া সরোজ-এর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এবার বিয়ের দিকে এগোচ্ছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। চার বছর ধরে সম্পর্কে থাকা এই জুটির গত বছরের ৮ জুন বাগদান হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ৪ ডিসেম্বর ভারতের লখনউয়ের একটি হোটেলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হতে পারে। বিয়েকে ঘিরে দুই পরিবারের পক্ষ থেকে প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানা গেছে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ আত্মীয়দের পাশাপাশি বিশেষ অতিথিদেরও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে। রিংকুর সতীর্থ ভারতীয় ক্রিকেটারদের কয়েকজনও বিয়েতে অংশ নিতে পারেন।
যেভাবে শুরু হয়েছিল প্রেম
গত বছরের ডিসেম্বরে এক সাক্ষাৎকারে প্রিয়ার সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন রিংকু। তার ভাষ্য অনুযায়ী, করোনাকালীন আইপিএলের সময় একটি ফ্যান পেজে প্রিয়ার ছবি প্রথম দেখেন তিনি। ছবিটি দেখেই তার প্রতি আগ্রহ তৈরি হয়।
তবে সরাসরি বার্তা পাঠাবেন কি না, তা নিয়ে শুরুতে দ্বিধায় ছিলেন রিংকু। পরে প্রিয়া তার কয়েকটি ছবিতে ‘লাইক’ দেওয়ার পর তাকে বার্তা পাঠান তিনি। এরপর নিয়মিত যোগাযোগ শুরু হয়। ম্যাচের আগেও দুজনের কথা হতো বলে জানিয়েছিলেন এই ক্রিকেটার।
রিংকুর বক্তব্য অনুযায়ী, ২০২২ সাল থেকেই প্রিয়ার প্রতি তার ভালোবাসার অনুভূতি তৈরি হয়। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয় এবং শেষ পর্যন্ত তা বাগদানে গড়ায়।
কে এই প্রিয়া সরোজ?
প্রতিবেদন অনুযায়ী, প্রিয়া সরোজ উত্তর প্রদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী। তিনি সমাজবাদী পার্টির রাজনীতির সঙ্গে যুক্ত এবং ২০২৪ সালের ভারতের সাধারণ নির্বাচনে উত্তর প্রদেশের মছলিশহর লোকসভা আসন থেকে নির্বাচিত হন। আসনটি তফসিলি জাতির জন্য সংরক্ষিত।
অন্যদিকে রিংকু সিং উত্তর প্রদেশের আলীগড়ে জন্ম নেওয়া ভারতীয় ক্রিকেটার। আইপিএলে পারফরম্যান্সের মাধ্যমে জাতীয় দলে জায়গা করে নেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে টি-টোয়েন্টি ও ওয়ানডে—দুই সংস্করণেই ভারতের হয়ে খেলেছেন।
স্বদেশ প্রতিদিন/এস পি