প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৪ পিএম

রাজধানীর কাওরানবাজার ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে স্টেশনসংলগ্ন এলাকায় থাকা অবৈধ দখল, ভাসমান দোকান ও অননুমোদিত স্থাপনা উচ্ছেদ করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল হক ও মো. বিল্লাল হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে স্টেশনসংলগ্ন এলাকায় অবৈধভাবে দখল করে রাখা বিভিন্ন স্থাপনা ও ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে সচেতন করা হয়।
ডিএমটিসিএল জানিয়েছে, মেট্রোরেলের যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করাই এ ধরনের অভিযানের অন্যতম উদ্দেশ্য। অভিযানের ফলে কাওরানবাজার ও ফার্মগেট মেট্রোরেল স্টেশনসংলগ্ন এলাকা অবৈধ দখলমুক্ত হয়েছে। এতে যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচলের পরিবেশ তৈরি হয়েছে।
অভিযানে এমআরটি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এবং ডিএমটিসিএলের নিরাপত্তাকর্মীরা সহযোগিতা করেন।
স্বদেশ প্রতিদিন/এস পি