
বিয়েতে তথ্য গোপন ও প্রতারণা ঠেকাতে কাবিননামায় বর-কনের আগের ও বিদ্যমান বিয়ে, সন্তান এবং সরকারি পরিচয়পত্রের তথ্য অন্তর্ভুক্ত করার বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
রুলে কাবিননামার বর্তমান ফরমে বর-কনের আগের বা বিদ্যমান বিয়ে, সন্তানসহ প্রয়োজনীয় তথ্য অন্তর্ভুক্ত না করার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। একই সঙ্গে নাগরিকদের পারিবারিক ও আইনগত অধিকার সুরক্ষায় কাবিননামার ফরম সংশোধনের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চাওয়া হয়েছে।
চার সপ্তাহের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান জনস্বার্থে রিটটি দায়ের করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও তানজিলা রহমান।
রিট আবেদনে বলা হয়, বর্তমানে ব্যবহৃত বাংলাদেশ ফরম নম্বর-১৬০১ বা ‘ফরম ঘ’-তে বর ও কনের আগের বা বিদ্যমান বিয়ে, সাবেক স্বামী বা স্ত্রী, বিয়ে ও তালাকের ইতিহাস, সন্তান এবং এসব সম্পর্ক থেকে সৃষ্ট ভরণপোষণ, অভিভাবকত্বসহ অন্যান্য আইনগত দায়দায়িত্বের পূর্ণাঙ্গ তথ্য উল্লেখ ও যাচাইয়ের কার্যকর ব্যবস্থা নেই।
আবেদনে আরও বলা হয়, বর্তমান কাবিননামায় বরের বিদ্যমান স্ত্রী ও সালিশি পরিষদের অনুমতি সংক্রান্ত কিছু তথ্য চাওয়া হলেও আগের সব বিয়ে, তালাক, সাবেক স্ত্রী ও সন্তানদের তথ্য দেওয়ার বাধ্যবাধকতা নেই। একইভাবে কনের পূর্ববর্তী বৈবাহিক ইতিহাস যাচাইয়ের ক্ষেত্রেও সমতাভিত্তিক ব্যবস্থা রাখা হয়নি।
রিটকারীর দাবি, এর ফলে গুরুত্বপূর্ণ তথ্য গোপন করে নতুন বিয়েতে আবদ্ধ হওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এতে প্রতারণা, পারিবারিক বিরোধ ও আইনি জটিলতা বাড়ার পাশাপাশি নতুন বিয়েতে যুক্ত ব্যক্তির পূর্ণাঙ্গ তথ্য জানার অধিকার ক্ষুণ্ন হচ্ছে। একই সঙ্গে আগের স্বামী-স্ত্রী ও সন্তানদের আইনগত অধিকারও ঝুঁকির মুখে পড়তে পারে।
রিটে কাবিননামা সংশোধন করে বর ও কনের আগের ও বিদ্যমান সব বিয়ের তথ্য, এসব বিয়ে থেকে জন্ম নেওয়া সন্তানদের তথ্য, চলমান ভরণপোষণ ও অভিভাবকত্বের দায় এবং জাতীয় পরিচয়পত্র, জন্মনিবন্ধন বা পাসপোর্ট নম্বর অন্তর্ভুক্ত ও যাচাইযোগ্য করার নির্দেশনা চাওয়া হয়েছে।
স্বদেশ প্রতিদিন/এফএইচ